সাংবাদিকদের হয়রানির ঝুঁকি থাকবে না: জুবায়ের
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, একটি মানবিক বাংলাদেশে সাংবাদিকরা সত্যনির্ভর সাংবাদিকতা করার পূর্ণ সুযোগ পাবেন। সেখানে অন্যায়ভাবে কোনো সাংবাদিককে হয়রানি বা ক্ষতির মুখে পড়তে হবে না।
শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশের সাংবাদিক অঙ্গনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। অনেক ক্ষেত্রে নির্ভীক সাংবাদিকরা কোণঠাসা হয়ে পড়েন। ফ্যাসিবাদের বিদায় হলেও এর বিভিন্ন রূপ এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা একটি মানবিক বাংলাদেশ চাই—যেখানে সাংবাদিকরা সত্যনির্ভর সাংবাদিকতা করার সুযোগ পাবেন এবং অন্যায়ভাবে কোনো প্রকার হয়রানির ঝুঁকি কিংবা ক্ষতির মুখে পড়ার চ্যালেঞ্জ থাকবে না।’
জুবায়ের আরও বলেন, কায়েমি ও ফ্যাসিবাদী শক্তি দেশের ব্যাংকিং খাত ও মিডিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা সুযোগ বুঝে বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ কারণে সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মিডিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে একটি মহল সাময়িকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। ভবিষ্যতে তারা এর সুযোগ নিয়ে আবারও আঘাত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জামায়াতের দায়িত্বশীলদের উদ্দেশে জুবায়ের বলেন, যেকোনো ঘটনার তাৎক্ষণিক ও সঠিক তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরতে হবে। এর মাধ্যমে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকারের সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন সিনিয়র সাংবাদিক ওলিউল্লাহ নোমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
এ ছাড়া দারসুল কোরআন পেশ করেন মুফতি আলী হাসান উসামা। কর্মশালায় গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামছুল আরেফীনসহ বিভিন্ন জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০