শিমুল হত্যা মামলার মূলহোতা ইসলাম আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘায় চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার তদন্তে পাওয়া মূলহোতা মো. ইসলাম আলীকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ইসলাম আলী রাজশাহীর বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মো. আফসার মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গত ৭ সেপ্টেম্বর রাতে বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের ইয়ারুলের বাড়ির সামনে চোর সন্দেহে কয়েকজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে মো. শিমুল (২৮) গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় মো. শমজান নামে আরেক ব্যক্তিকেও মারধর করা হয়।
এ ঘটনায় নিহত শিমুলের বাবা মো. গোলাম মোস্তফা (৫৭) বাদী হয়ে বাঘা থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি বাঘা থানার মামলা নম্বর-৯, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬; এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।
র্যাব-৫ জানায়, মামলাটির তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল রোববার রাত ১০টা ২০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সবজীপাড়া এলাকায় জনৈক লাবনী বেগমের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে শিমুল হত্যা মামলার তদন্তে পাওয়া মূলহোতা মো. ইসলাম আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার ইসলাম আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫।
র্যাব-৫ প্রতিষ্ঠার পর থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০