লালপুরে ডাচ-বাংলা ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেপ্তার; উদ্ধার ১ লাখ ৭০ হাজার টাকা
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকাল প্রায় ১১টার দিকে ওই নারী লালপুরে ডাচ-বাংলা ব্যাংকের শাখা থেকে ১ লাখ ৭৭ হাজার টাকা উত্তোলন করেন। এর সঙ্গে আগে থেকে থাকা ৩ হাজার টাকা মিলিয়ে মোট ১ লাখ ৮০ হাজার টাকা একটি ভ্যানিটি ব্যাগে রেখে অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে লালপুর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসংলগ্ন সড়কে চলন্ত মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত তাঁর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) এবং লালপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশের অভিযানে ৬ আগস্ট মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মো. সবুজ আলী (২০) এবং মো. সোহাগ আলী (১৯) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুণ্ঠিত টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০