রাজশাহীতে ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ২৯ জুন ২০২৬
রাজশাহীর পবা উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পবা উপজেলার মদনহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলে করে ইয়াবার চালান নিয়ে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে পবা উপজেলার মদনহাটি আমান কোল্ড স্টোরেজ থেকে মদনহাটিগামী সড়কে শরীফের মিল সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মো. মেহেদী হাসান লিটন (৩৫) ও মো. খোরশেদ আলম (৪০)-কে আটক করা হয়।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তাদের কাছ থেকে একটি নীল রঙের জিপার ব্যাগে রাখা ১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০