🌏Visit to get the latest news👎⏩ www.deshbartabd.24.com
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা পাশের দোকানের দেয়াল কেটে প্রবেশ করে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা (চাঁদি) এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাতের কোনো এক সময়ের মধ্যে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দোকানের মালিক তূর্য সরকার দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। পরে তাঁর চিৎকার ও কান্নায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ঘটনাস্থলে জড়ো হন।
ক্ষতিগ্রস্ত দোকান ‘কারুশ্রী জুয়েলার্স’ সাহেববাজার এলাকার স্বর্ণা হোটেলের নিচতলায় অবস্থিত। দোকানটির পাশেই রয়েছে ‘আফিয়া জুয়েলার্স’। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দুটি দোকানের মাঝের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে সিন্দুক ও শোকেসে থাকা স্বর্ণালংকার, রুপা এবং নগদ অর্থ নিয়ে যায়।
ঘটনার একটি রহস্যজনক দিক হলো, আফিয়া জুয়েলার্সে প্রবেশের পর দুর্বৃত্তরা চুরি শেষে আবার দোকানটির তালা লাগিয়ে রেখে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
দোকানের মালিক তূর্য সরকার জানান, তাঁর দোকান থেকে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা এবং নগদ ২৫ লাখ টাকা চুরি হয়েছে। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধার করতে হবে। অন্যথায় রাজশাহীর সব জুয়েলার্স প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
চুরির খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সিআইডি ও ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছেন।
আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মামলা দায়েরের জন্য থানায় গেছেন। মামলা গ্রহণের পর তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হবে।
এদিকে চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।#
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০