রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আরএমপির বিশেষ অভিযান, ৭২ মামলা
মো. সাজু আহমেদ, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশের সমন্বয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সমন্বিত এ অভিযানে বিভিন্ন ধরনের ৫৬০টি যানবাহন চেকিং করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭২টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে ৭৭টি যানবাহন আটক করা হয়।
পুলিশের এ বিশেষ অভিযানের মাধ্যমে সড়কে বেপরোয়া চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র, চলাচলের নিয়ম ও আইন মেনে চলার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।
আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ ও থানাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে চালক, যাত্রী ও পথচারীদের সতর্ক করে বলা হয়েছে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়; এজন্য প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। আইন মেনে যানবাহন চালানো, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে সড়ককে আরও নিরাপদ করা সম্ভব।
রাজশাহী মহানগর পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০