রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এসব অভিযানে ৯৫ পিস ইয়াবা, ১৫ পিস ট্যাপেন্টাডল ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আরএমপি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ আগস্ট) মহানগরীর বিভিন্ন এলাকায় মতিহার, বোয়ালিয়া, শাহমখদুম ও চন্দ্রিমা থানা এবং তালাইমারী পুলিশ ফাঁড়ি ও বেলপুকুর থানা পুলিশ পৃথক অভিযান চালায়।
মতিহার থানার পুলিশ রাত পৌনে ৮টার দিকে সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কমেলা বেগম (৫২) নামের এক নারীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫৪৫ টাকা উদ্ধার করা হয়।
রাত পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রাজারহাতা এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ আলী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২৯ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
শাহমখদুম থানা পুলিশ রাত পৌনে ২টার দিকে পবা নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন নাসিম হোসেন (২৮), ইমান আলী (২৮), জাহাঙ্গীর আলম (২৫), রিক্তা আক্তার (২৩), সম্রাট (২৯), তাননিন হোসেন (২৩), সিহাব উদ্দীন (২২) ও গোলাম রাব্বী (২২)। তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে রাত ৯টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোনিয়া আক্তার (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই থানার তালাইমারী পুলিশ ফাঁড়ি বিকেল সোয়া ৫টার দিকে মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে বেলপুকুর থানা পুলিশ রাত পৌনে ২টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে সইবুর আলী ওরফে সবুজ (২৩) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরএমপি বলছে, মহানগরীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০