Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
রাজশাহী জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ।
অভিযানে ৪৫০ বোতল এসকাফ সিরাপ, ৬৮ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারোইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে জেলা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ সময় প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি—মাহাবুব আলম (২৭) ও কাওসার আলী (২১)কে গ্রেপ্তার করা হয়। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো প্রাইভেটকারের পেছনের ডিকিতে রাখা তিনটি কার্টনের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
অন্যদিকে একই দিনে রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে ৬৮ পিস ইয়াবাসহ শাকিব হাসান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ। উপজেলার দক্ষিণ গাওপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও ছয়জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে গোদাগাড়ী ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাজশাহী জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০