রাজশাহীতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :
রাজশাহীতে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ, কল্যাণ নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের লক্ষ্যে ‘বিশেষ কল্যাণ সভা’ ও ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা পেশাগত কল্যাণ, কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, স্বাস্থ্যসেবা ও আনুষঙ্গিক বিষয় তুলে ধরেন। ডিআইজি তাঁদের বক্তব্য শুনে উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ আশিক সাঈদ পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক কল্যাণ নিশ্চিত করা গেলে তাঁরা জনগণের সেবায় আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন।
তিনি সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে পুলিশকে আরও জনবান্ধব ও পেশাদার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদক নির্মূল, অপরাধ দমন ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করার নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ পুলিশ সদস্যদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। রাজশাহী জেলাকে নিরাপদ রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
বিশেষ কল্যাণ সভা শেষে ডিআইজি মোঃ আশিক সাঈদ রাজশাহী জেলা পুলিশ লাইন্সে একটি বৃক্ষের চারা রোপণ করেন। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের অংশ হিসেবে রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অপরাধ পর্যালোচনা সভা। সভায় সাধারণ মানুষ যাতে দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়। জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০