রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার বাসে আগুন
বিশেষ প্রতিনিধি, ঢাকা :
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে এবার একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়। পরে সন্ধ্যায় যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁও এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, থানার সামনে একটি এবং কিছুক্ষণ পর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। বিস্ফোরণগুলো কোথা থেকে ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত অটোরিকশাচালকেরও খোঁজ নেন। পরে যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি সড়কেও একটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মালিবাগ রেলগেট এলাকায় জুমার নামাজের পর সোহাগ পরিবহণের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
একই দিনে রাজধানীর কাফরুলে বাসে আগুন এবং বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০