যুবসমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন


মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার আহ্বান জানিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুবক। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষতা, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দিতে পারলে তারাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুবসমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি।
রোববার (১ নভেম্বর) রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি যুবসমাজ। তাদের মেধা, শ্রম ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে হলে কর্মমুখী শিক্ষা ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু শিক্ষিত নয়, যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের যুবক-যুবতীরাও প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
[video width="1920" height="1080" mp4="https://deshbartabd24.com/wp-content/uploads/2026/11/InShot_20261102_003317515.mp4"][/video]
এমপি মিলন বলেন, শুধু সরকারি চাকরির ওপর নির্ভরশীল না হয়ে যুবকদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।
তিনি যুবকদের উদ্দেশে বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে। দেশের উন্নয়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে তরুণরাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে যুবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০