ভাঙ্গুড়ায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ, ভিডিও ভাইরাল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলা ছাত্রলীগের নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার ভাঙ্গুড়া এডভান্সড স্কুল, পুরাতন থানা এলাকার একটি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। শিক্ষা উপকরণ বিতরণের এই দৃশ্যটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শিক্ষার্থী ও শিশুদের হাতে এসব উপকরণ তুলে দিচ্ছেন।
ছাত্রলীগের ওপর সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাবনা জেলা ছাত্রলীগের নির্দেশে এ ধরনের কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি স্থানীয় প্রশাসনের নজরে আসার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০