Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com
মুন, নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার ২নং বাধাইড় ইউনিয়নকে “বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন” হিসেবে ঘোষণা উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ২নং বাধাইড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, যুব ও শিশু ফোরামের সদস্যবৃন্দ, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার, তানোর, রাজশাহী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের মৌলিক অধিকার হরণের একটি বড় কারণ। একটি উন্নত, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে বাল্যবিবাহ এবং শিশুশ্রম প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাধাইড় ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত হিসেবে ঘোষণা একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ।”
অনুষ্ঠানে ২নং বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আতাউর রহমান,সকল ওয়ার্ড সদস্য (মেম্বার), সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে হলে বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বিগত সময়ে ইউনিয়নজুড়ে সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক, অভিভাবক সভা, বিদ্যালয়ভিত্তিক প্রচারণা, কিশোর-কিশোরী ও যুবদের অংশগ্রহণমূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন এসেছে। এ অর্জন ধরে রাখতে ভবিষ্যতেও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে যুব ফোরাম ও শিশু ফোরামের প্রতিনিধিরা শিশু অধিকার রক্ষা, শিক্ষার প্রসার এবং নিরাপদ সমাজ গঠনে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানটি আয়োজন ও বাস্তবায়ন করে ২নং বাধাইড় ইউনিয়ন পরিষদ, যুব/শিশু ফোরাম ও এলাকাবাসী। এ আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে উপজেলা প্রশাসন ও তানোর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানের শেষে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ নির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০