বাগমারায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি চাল বিতরণে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে
[caption id="attachment_3994" align="alignright" width="289"]
ডিলার মামুনুর রশিদ[/caption]
বাগমারা ( রাজশাহী ) প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাল নিতে আসা উপকার ভোগীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের বাইরে আরও ৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলে ডিলার মামুনুর রশিদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষে কাচারি কোয়ালিপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে জুয়েল কিবরিয়া বৃহস্পতিবার এই অভিযোগটি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের পীরগঞ্জ বাজারের ডিলার পয়েন্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল সংগ্রহ করেন উপকার ভোগীরা।
গত ২ সেপ্টেম্বর চাল নিতে গেলে তাদের কাছ থেকে কার্ডপ্রতি অতিরিক্ত ৫০ টাকা করে নেওয়া হয়। সরকারি নির্ধারিত ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চালের দাম ৪৫০ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ৫০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। ভুক্ত ভোগীদের দাবি, অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে ডিলারের পক্ষ থেকে নতুন কার্ড করে দেওয়ার জন্য ওই টাকা নেওয়া হচ্ছে বলে জানানো হয়। পরে উপজেলা অফিসে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, নতুন কার্ড দেওয়ার নামে এভাবে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো অনুমতি নেই।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলার মামুনুর রশীদ বলেন, “কিছু কার্ড নষ্ট হয়ে গিয়েছিল এবং কিছু কার্ড ছিঁড়ে গিয়েছিল। সেগুলোর পরিবর্তে নতুন কার্ড দেওয়ার জন্য তাঁদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবেই সে টাকা ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, সবেমাত্র আজই আমি এই উপজেলায় যোগদান করেছি। তবে এভাবে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। কাজেই অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০