বাগমারায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

👨💼সমিত রায়,বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহির বাগমারা ইয়মফস্বল এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও নির্ভুল স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর বাগমারায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপকদের নিয়ে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৮ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ভবানীগঞ্জ ক্লিনিক মিলনায়তনে বাগমারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক ডাঃ আলহাজ্ব মোঃ আব্দুল বারী।সমিতির সভাপতি মোঃ জোবায়দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ব্যবস্থাপক এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ আব্দুল বারী বলেন, "বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত সেবার মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। স্বাস্থ্য নীতিমালা পুরোপুরি অনুসরণ করে ল্যাবরেটরিগুলোর আধুনিকায়ন এবং দক্ষ টেকনিশিয়ান নিয়োগ নিশ্চিত করতে হবে।" কোনো অবস্থাতেই রোগীরা যেন চিকিৎসাসেবা নিতে এসে হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন।অনুষ্ঠানে উপজেলার চিকিৎসাসেবা খাতে বিশেষ অবদান রাখা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় সংসদ সদস্য ডাঃ বারীকে সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ডাঃ মোহাঃ কামরুজ্জামান, মোঃ তৌহিদুল ইসলাম, মমিনুর রহমান এবং মোঃ আতাউর রহমান, তাহেরপুর আঞ্চলিক ক্লাবের আহ্বায়ক এসএম শামসুজ্জোহা মামুন। সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির নেতৃবৃন্দ বাগমারা অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার সার্বিক শৃঙ্খলা ও মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০