মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :
নওগাঁ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিসমৃদ্ধ সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে এবং জেলার সুধীজন, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী প্রতিনিধিদের সমন্বয়ে এ গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত ও স্থাপনযোগ্য সিসিটিভি নেটওয়ার্ককে AI প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, বর্তমান সময়ে অপরাধের ধরন ও কৌশল দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার বিকল্প নেই। AI-সক্ষম সিসিটিভি ব্যবস্থা চালু হলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় স্থাপিত ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য তাৎক্ষণিক বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন কিংবা অস্বাভাবিক কার্যকলাপ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
এ প্রযুক্তির মাধ্যমে অপরাধ সংঘটনের আগে কিংবা পরে ভিডিও ফুটেজ দ্রুত বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা যাবে। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড, যানবাহন চুরি এবং অন্যান্য অপরাধ প্রতিরোধ ও শনাক্তকরণে এই আধুনিক নজরদারি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার, জনসচেতনতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতার মাধ্যমে নওগাঁকে একটি স্মার্ট, নিরাপদ ও সুশৃঙ্খল শহরে পরিণত করা সম্ভব। AI-ভিত্তিক নজরদারি ব্যবস্থা বাস্তবায়িত হলে শহরের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে এবং নাগরিকদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
গুরুত্বপূর্ণ এ সভায় জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারগণ, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
👉আপডেট খবর পেতে "দেশবার্তা বিডি ২৪. কম" এর সাথেই থাকুন
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০