পুঠিয়ায় শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবককে কারাদণ্ড
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :
রাজশাহীর পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার হাড়োগাতি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে হাড়োগাতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজীব হোসেন (পিতা: শফিকুল ইসলাম, সাং-হাড়োগাতি) নামে একজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, মাদক যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলার জন্য ক্ষতিকর। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক বিক্রি, সেবন ও এর বিস্তারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০