‘অনৈতিক সম্পর্ক’ প্রমাণিত, বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত
স্বরাষ্ট্রমন্ত্রীর সই শেষ, রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা • তদন্তে মিলেছে রাত্রিযাপন ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ • সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ
দেশবার্তা বিডি ২৪ ডট কম ডেস্ক:
আলোচিত পরীমণি-কাণ্ডে পুলিশের সাবেক গোয়েন্দা কর্মকর্তা মো. গোলাম সাকলায়েনের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত এই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিত্রনায়িকা পরীমণির সঙ্গে তার ‘অনৈতিক ও বিবাহবহির্ভূত সম্পর্ক’-এর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ বিষয়ে প্রস্তুত করা প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। এখন প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে তা রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
ঘটনার সূত্রপাত ২০২১ সালে। ওই বছরের জুনে ঢাকা বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। তদন্ত চলাকালে পরীমণির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ ওঠে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরীমণি সাকলায়েনের সরকারি বাসভবনে প্রবেশ ও দীর্ঘ সময় অবস্থান করছেন।
তদন্তে উঠে এসেছে, ২০২১ সালের জুলাই-আগস্ট সময়ে সাকলায়েন নিয়মিত পরীমণির বাসায় যাতায়াত ও রাত্রিযাপন করেছেন। মোবাইল কল রেকর্ড (সিডিআর), ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে তাদের কথোপকথনের ফরেনসিক বিশ্লেষণেও ‘পেশাগত সম্পর্কের সীমা ছাড়িয়ে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ সম্পর্কের’ প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে সরকারি দায়িত্বের বাইরে একজন আলোচিত ব্যক্তিত্বের সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন, নিজের সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানো এবং ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ আনা হয়।
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘গুরুদণ্ড’ হিসেবে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তবে এ বিষয়ে গোলাম সাকলায়েন ও চিত্রনায়িকা পরীমণির বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। #
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০