পরীমণির বিস্ফোরক অভিযোগ: ‘২০২১ সালের গ্রেপ্তার ছিল বেআইনি ও সাজানো’
দেশবার্তা বিডি ২৪. কম, বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ২০২১ সালে নিজের গ্রেপ্তার ও কারাবাসের ঘটনাকে ‘সম্পূর্ণ বেআইনি’ এবং ‘সাজানো’ বলে দাবি করেছেন। একই সঙ্গে ওই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব দাবি করেন অভিনেত্রী।
পরীমণি জানান, তৎকালীন র্যাবের অভিযানের নামে তার বাসায় নাটকীয় পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। তার দাবি, পরবর্তীতে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয়।
অভিনেত্রীর ভাষ্য, সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনে গভীর মানসিক ও সামাজিক ক্ষতের সৃষ্টি করেছে। তিনি বলেন, একজন শিল্পী হিসেবে তার সম্মান, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব এখনো বহন করছেন।
স্ট্যাটাসে পরীমণি আরও উল্লেখ করেন, তিনি প্রতিশোধ নয়; বরং সত্য, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে চান। ভবিষ্যতে কোনো নির্দোষ ব্যক্তি যেন এ ধরনের ঘটনার শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
একই সঙ্গে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, তাদের সমর্থনই তাকে নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসে সেই ঘটনাকে কেন্দ্র করেই নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০