নাটোরে মুরগির খামারের বিদ্যুতায়িত তারে জড়িয়ে প্রাণ গেল এক ব্যক্তির, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক রাজশাহী :
নাটোরের লালপুর উপজেলায় একটি মুরগির খামারের চারপাশে অবৈধভাবে বিদ্যুতায়িত জিআই তারের বেড়ায় জড়িয়ে সিহাব আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় খামারের মালিকের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা আসলাম হোসেনের মুরগির খামারে শিয়াল, বেজি ও চোরের উপদ্রব ঠেকাতে খামারের চারপাশে জিআই তারের বেড়া দেওয়া ছিল। অভিযোগ রয়েছে, ওই তারে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল।
সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার পর থেকে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টার মধ্যে কোনো এক সময় একই গ্রামের বাসিন্দা সিহাব আলী (৫৫), পিতা মৃত ছফের প্রামাণিক, বিদ্যুতায়িত তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সকালে খামারের মালিকের ছেলে রায়হান আলী খামারের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে গিয়ে উত্তর পাশের জিআই তারের সঙ্গে সিহাব আলীর মরদেহ জড়ানো অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
এ ঘটনায় নিহতের ছেলে সোহান আলী বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি পেনাল কোডের ৩০৪ ধারায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০