নওগাঁয় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল বদলগাছী থানার বিভিন্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা জানতে পারেন, বদলগাছী উপজেলার দোনাইল এলাকায় একটি বসতবাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রুমা (২৫) নামে এক নারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় ইসরাইল (৫৩), পিতা- ইনছের আলী, সাং- উত্তর পাইকপাড়া, থানা ও জেলা- নওগাঁর হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্য জব্দ করা হয়। একই সময় ইসরাইলকে সহযোগিতা করার অভিযোগে সুব্রত মালী (৪০), পিতা- প্রদীপ মালী, সাং- হরেকৃষ্ণপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নেতৃত্বে জেলার সর্বত্র মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চলবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০