ধামইরহাটে মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা; তিন আসামি গ্রেপ্তার
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এবং এর প্রতিবাদ করায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জগদল ফারাজিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে মাদ্রাসায় যাতায়াতের পথে একই উপজেলার শিবরামপুর গ্রামের মো. তাকমিম হোসেন (২২) কর্তৃক উত্যক্ত ও আপত্তিকর কথাবার্তার শিকার হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
মামলার বাদী মো. আনোয়ার হোসেন (৪৮) অভিযোগ করেন, গত ৪ জুলাই সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে তার মেয়ে মাঠে পালিত ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তাকমিম হোসেন তার হাত ধরে টানাহেঁচড়া করে এবং যৌন হয়রানি করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর মা এর প্রতিবাদ করলে অভিযুক্ত তাকমিম হোসেন আরও দুই সহযোগীকে নিয়ে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, তারা ভুক্তভোগী শিক্ষার্থী, তার মা এবং ছোট ভাইকে এলোপাতাড়ি মারধর করলে তারা আহত হন।
ঘটনার বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপারের নজরে এলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য ধামইরহাট থানার অফিসার ইনচার্জকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে পুলিশ মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত মো. তাকমিম হোসেন (২২) এবং তার অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে যৌন হয়রানি, নির্যাতন ও অন্যান্য অপরাধের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০