দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক, ;
সহকারী কমিশনার (ভূমি) লাইলা নুর তানজুর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে মশারি বিতরণ
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর আশ্রয়ণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়।
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলা নুর তানজু উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করেন এবং আশ্রয়ণের বাসিন্দাদের হাতে মশারি তুলে দেন।
উঠান বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) লাইলা নুর তানজু বলেন,
ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, ‘নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি—এই প্রত্যয় নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’
লাইলা নুর তানজু আরও বলেন, আশ্রয়ণে বসবাসকারী মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের অনেকের পক্ষে প্রয়োজনীয় মশারি কেনা সম্ভব হয় না। তাই তাদের মধ্যে মশারি বিতরণের মাধ্যমে একদিকে যেমন মশার কামড় থেকে সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা কিংবা ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।
উঠান বৈঠকে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল, মশার কামড় থেকে সুরক্ষার উপায় এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে করণীয় সম্পর্কে স্থানীয়দের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
এ সময় আশ্রয়ণের বাসিন্দারা ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা নিয়মিতভাবে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ‘নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি’—এই বার্তাকে সামনে রেখে সবাইকে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০