তানোরে শিশু সুরক্ষায় গোলটেবিল বৈঠক, আলোচনায় শিক্ষা-বাল্যবিবাহ ও মাদক

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :
শিশুদের সার্বিক জীবনমানের উন্নয়ন, সুরক্ষা নিশ্চিতকরণ এবং সামাজিক বিভিন্ন সমস্যা মোকাবিলায় রাজশাহীর তানোরে শিক্ষা, বাল্যবিবাহ ও মাদকবিরোধী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, বাধাইড় বিডি-০২৪৭-এর হলরুমে দিনব্যাপী এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। শিশুদের সার্বিক জীবন উন্নয়ন ও সুরক্ষার লক্ষ্যে আয়োজিত বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী এবং শিক্ষিত যুবক-যুবতীরা অংশ নেন।
উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক রুবেল মুর্মুর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনায় শিশুদের শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি এসব সমস্যা সমাধানে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিশুদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ, বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে মতামত দেন তারা।
আলোচনায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণির শিক্ষিত তরুণ-তরুণীরা সক্রিয়ভাবে অংশ নেন। তারা শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও মতবিনিময় সভা আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা শিশুদের সুরক্ষা ও এলাকার সামাজিক সমস্যা নিয়ে এ ধরনের আলোচনা নিয়মিত আয়োজনের জন্য প্রকল্প পরিচালকের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আলোচনায় উঠে আসা সমস্যাগুলো বাস্তবায়নযোগ্য উদ্যোগের মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০