মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :
রাজশাহীর তানোরে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিষমুক্ত কৃষি সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে তানোর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী মিঞা এবং উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন।
অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে একদিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের নিরাপদ কৃষি চর্চা, ফসলের গুণগত মান বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে বিষ ও কীটনাশকমুক্ত কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ প্রকল্পের কার্যক্রম বিষয়ক প্রদর্শনী স্টলের উদ্বোধন করা হয়।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০