তানোরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। এ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকালে তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জুয়েল রানা, মাহাবুব চৌধুরী, তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই যোদ্ধা, শিক্ষাবিদ, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০