তানোরে কমিউনিটি পুলিশিং কমিটির কাবাডি প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন তানোর পৌরসভা

👨💼মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :
রাজশাহীর তানোরে কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ডাকবাংলো মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় তানোর পৌরসভা ও কামারগাঁ দলসহ বিভিন্ন দলের খেলোয়াড়েরা অংশ নেন। প্রতিযোগিতার ফাইনাল খেলায় কামারগাঁ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তানোর পৌরসভা দল।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান। এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ওসি মাহমুদুল হাসান। তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা।

এ ছাড়া অনুষ্ঠানে বাঁধাইড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম রাব্বানী, তানোর থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিমসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল বারী মাস্টার। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান ও সোহরাব হোসেন। তানোর উপজেলা ক্রীড়া সম্পাদক ও ফুটবল প্রশিক্ষক আনোয়ার হোসেন এবং আইনুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, মাদক ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি তরুণদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০