তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত; র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
রাজশাহীর তানোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) উপজেলা প্রশাসন ও স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— ‘আদিবাসী নারীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান।’
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিপুলসংখ্যক নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে তারা র্যালিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলার পারগানা শ্রী সুরেশ টুডু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, ‘আদিবাসীরা এ দেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের জাতীয় সম্পদ। আদিবাসী নারীরা পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান,
এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।
এছাড়া জাতীয় আদিবাসী ফোরাম রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন আদিবাসী ফোরামের সংগঠন ও প্রচার সম্পাদক মো. আনিসুর রহমান, তানোর আদিবাসী ফোরামের সম্পাদক শ্রী সর্পনাথ দাস, শ্রী গণেশ চন্দ্র কিস্কুসহ অন্যরা।
বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০