তানোরকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা চান এনসিপি নেতৃবৃন্দ
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর তানোর উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যেকোনো ধরনের অপরাধ এবং রাজনৈতিক অপকর্ম থেকে মুক্ত রাখতে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর ভূমিকা দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), তানোর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এনসিপির উপজেলা নেতৃবৃন্দ এসব দাবি জানান। এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও অপরাধ দমন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় এনসিপি নেতৃবৃন্দ বলেন, তানোরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাদক ও অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বিশেষ করে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধের নেপথ্যে থাকা ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় যেন অপরাধ দমনের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদেরও সম্মিলিতভাবে ভূমিকা পালন করতে হবে।
এনসিপি নেতৃবৃন্দের ভাষ্য, তানোরের মাটিতে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা যেকোনো ধরনের অন্যায়-অপরাধকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। অপরাধী যে পরিচয়েরই হোক, তার বিরুদ্ধে নিরপেক্ষভাবে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এতে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়বে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
সভায় তারা তানোরকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান তারা।
মতবিনিময় সভা শেষে এনসিপি তানোর উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। তানোরের সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০