
জাতিসংঘে আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি ডি-কার্লোর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
দেশ বার্তা বিড়ি টুয়েন্টিফোর ডটকম ডেস্ক : ঢাকা, ৮ জুলাই:
জাতিসংঘ সদর দপ্তরে রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
👉Visit to get the latest news
http://www.deshbartabd24.com
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, শান্তি বিনির্মাণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সবসময়ই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ বড় ধরনের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপ মোকাবিলা করছে। এ সংকটের টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও জোরালো ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের লক্ষ্যে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
জবাবে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের গঠনমূলক, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০