জয়পুরহাট ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৪ জনকে জরিমানা

মোঃ রেজুওয়ান আহমেদ
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে ভ্যানে করে বড়তারা গ্রামে নেওয়ার সময় গরুটির জবাই করা অবশিষ্টাংশ উদ্ধার করে পুলিশ। পরে অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারে। পরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
এ ঘটনায় ক্ষেতলাল উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর আওতায় ইব্রাহিম, এন্তাজুল আলাউদ্দিন ও রবিউল নামের চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গরুটির অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে গরুটির অসুস্থতার বিষয়ে তথ্য পাওয়া যায়। বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্যের সুরক্ষায় গরুটির অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক মিয়া বলেন, অসুস্থ গরুর মাংস মানুষের খাওয়ার উপযোগী নয়। এ ধরনের মাংস খেলে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।অভিযানের সময় ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০