জনগণের তথ্যেই নওগাঁয় চোলাই মদের কারখানায় পুলিশের অভিযান, ১ হাজার ২০ লিটার মদ ও উপকরণ জব্দ
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
সাধারণ মানুষের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁর মান্দায় পরিচালিত পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান মিলেছে। অভিযানে প্রায় ১ হাজার ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হলেও অভিযানের খবর পেয়ে কয়েকজন সহযোগী পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা এবং স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪ আগস্ট রাতে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালিত হয় মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কামারকুড়ি মৌজার প্রসাদপুর বাজার এলাকার সরদারপাড়ায়।
অভিযানে বারিল্যা গ্রামের বাসিন্দা মো. মোতাহার হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি প্লাস্টিকের ড্রামে সংরক্ষিত ৯৬০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান), একটি বড় পাতিলে থাকা আরও ৩০ লিটার ওয়াশ এবং তিনটি জারকিনে রাখা ৩০ লিটার প্রস্তুত চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ তৈরিতে ব্যবহৃত মাটির পাতিল, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা।
পুলিশ জানায়, পুরো বাড়িটিই চোলাই মদ তৈরির একটি অবৈধ কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট চোলাই মদ, ওয়াশ এবং কারখানার অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের আগেই কয়েকজন আসামি পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নওগাঁ জেলা পুলিশ বলেছে, মাদক নির্মূল করতে সাধারণ মানুষের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। সচেতন নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ ধরনের সফল অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে তথ্য দিয়ে সহযোগিতা করা সকল নাগরিককে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে পুলিশের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০