জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার শিবুদাস
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস। জটিল কিডনি রোগে আক্রান্ত নওগাঁ জেলার আত্রাই উপজেলার অসহায় বাসিন্দা শামসুর রহমানের চিকিৎসা সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন তিনি।
জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন শামসুর রহমান। ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। এমন অবস্থায় বিষয়টি জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীর পাশে দাঁড়ান পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার শিবুদাস। তিনি শুধু আর্থিক সহায়তাই প্রদান করেননি, বরং রোগীর সুস্থতা কামনা করে পরিবারের সদস্যদের সাহস ও মানসিক শক্তি জোগানোর আহ্বান জানান।
এ বিষয়ে শিবুদাস বলেন, "মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি জানি, এই ছোট্ট সহায়তায় সব সমস্যার সমাধান হবে না। তবে একজন মানুষ যখন কঠিন সময় পার করেন, তখন তার পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন, তাহলে অনেক পরিবার নতুন করে বাঁচার আশা খুঁজে পাবে।"
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই একজন সরকারি কর্মকর্তার নৈতিক দায়িত্বের অংশ। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধকে ধারণ করে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।
রোগীর পরিবার সহায়তার জন্য শিবুদাসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। একই সঙ্গে তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০