চুয়াডাঙ্গায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, রাজশাহীতে র্যাবের অভিযানে গ্রেপ্তার ২
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
চুয়াডাঙ্গার দর্শনায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে র্যাব-৫। একই সঙ্গে অপহরণকারী চক্রের মূলহোতা ও এক সদস্যকে রাজশাহীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৫-এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুক্তভোগী নাইম উদ্দিন (১৪) দর্শনা থানার প্রতাপপুর দক্ষিণপাড়ার বাসিন্দা এবং মদনা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ আগস্ট সকাল ১১টা ৫ মিনিটের দিকে প্রতাপপুর দক্ষিণপাড়া গ্রামের বাড়ির সামনে পাকা রাস্তায় খেলতে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
পরদিন ২৩ আগস্ট সকালে অপহরণকারীরা ভুক্তভোগীর বড় ভাই মাসুদ রানার মোবাইল নম্বরে অপহৃত নাইমের হাত-পা বাঁধা অবস্থার ছবি পাঠিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে নাইমকে হত্যার হুমকিও দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানান পরিবারের সদস্যরা।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-৫-এর সহায়তা চাওয়া হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড়ের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্র নাইম উদ্দিনকে উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণ চক্রের মূলহোতা মো. সুমন খান (৩৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানার নারায়ণপুর এলাকার বাসিন্দা।
অন্যদিকে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন স্বর্ণপট্টি এলাকার একটি আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত অপহরণ চক্রের আরেক সদস্য মো. রুবেল শেখ (৩৮)কে গ্রেপ্তার করে র্যাব। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চাঁরঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
র্যাব-৫ জানিয়েছে, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০