চার দিনের মধ্যেই র্যাব-৫-এর অভিযানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার,
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর চারঘাট উপজেলার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক এক আসামিকে ঘটনার চার দিনের মাথায় গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহীর সিপিএসসি। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৬ জুলাই ২০২৬ বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার কড়ইতলা মোড় এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে চারঘাট থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ২ নম্বর পলাতক আসামি মো. শিটু (১৮), পিতা জাহাঙ্গীর আলম, গ্রামের বাড়ি শ্রীখন্ডি, থানা চারঘাট, জেলা রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে অভিযুক্তদের পূর্বপরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অভিযোগ অনুযায়ী, গত ২১ জুলাই ২০২৬ সন্ধ্যায় আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে কৌশলে একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ২২ জুলাই ২০২৬ তারিখে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলা (নং-২০) দায়ের করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য বিষয়ে তদন্ত ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০