গোদাগাড়ীতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, খামারিদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত এ ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিনের সার্বিক তত্ত্বাবধানে এলাকার খামারিদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ও রুচিবর্ধক ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি অসুস্থ গবাদিপশু এবং হাঁস-মুরগির বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।
এছাড়াও খামারিদের মধ্যে লাম্পি স্কিন ডিজিজ (LSD) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোগটির লক্ষণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. ওয়ারেস-উল-হক, সিইএ মোহাম্মদ দুররুল হুদা, এআই টেকনিশিয়ান মো. আসলাম এবং স্বেচ্ছাসেবী মো. জলিল।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন খামারিদের বিভিন্ন প্রাণিস্বাস্থ্য বিষয়ক সমস্যা ও অভিজ্ঞতার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন বলেন, “প্রান্তিক খামারিদের দোরগোড়ায় প্রাণিস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত চিকিৎসাসেবা, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে খামারিদের পাশে থাকতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে।”
স্থানীয় খামারিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০