এসআরবি-৫-এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১,
৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার

👨💼মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ মাদক উদ্ধার করা হয়। এ সময় অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে ওমরপুর হঠাৎপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
এসআরবি-৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর মেহেদী হাসানের দেখানো মতে তার বসতবাড়ির সামনে খড়ি রাখার ঘরে তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষভাবে রাখা অবস্থায় ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সময় মো. আল-মামুন (৪০) নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-৫। এছাড়া তিনি ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে শিবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন বলে দাবি করেছে বাহিনীটি।
এসআরবি-৫, রাজশাহী জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অস্ত্রধারী অপরাধী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আল-মামুনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআরবি-৫-এর এই অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে বাহিনীটির তৎপরতা আরও জোরদারের বিষয়টি সামনে এসেছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০