Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
হালুয়াঘাট থানা পুলিশের চৌকস টিমের সক্রিয় সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালিত হয় আমতৈল নাগলা ফকির বাড়ি এলাকা এবং স্বদেশী ইউনিয়নের মিলন বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে। দণ্ডপ্রাপ্তরা হলেন— আবুল হাসেম (৬৫), মাজাহারুল ইসলাম আশিক ফকির (২৪), রফিকুল ইসলাম (৫৬) এবং রফিকুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে এবং বিভিন্ন অপরাধের জন্ম দেয়। মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে এবং মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০