" আর্কাইভ "
কলমে : - উম্মে হাবিবা ফারজানা
পুরনো ডায়েরির পাতায় লিখে রেখেছিলাম—“আজকের দিনটিকে কোনোদিন ভুলব না।”
অথচ কী ঘটেছিল সেদিন—
স্মৃতির দরজায় কড়া নেড়েও
আজ মনে করতে পারি না।
এভাবেই কত না-বলা অনুভূতি,
কত না-হওয়া সংসার,
কত অসমাপ্ত গল্প
সময়ের ছাইয়ের নিচে
নিভৃতে চাপা পড়ে থাকে।
যে মানুষটি বলেছিল—
“হাত ছাড়ব না,”
একদিন সে-ই
দৃশ্যমান হাতটিকে
অদৃশ্য করে চলে যায়।
আর অধরা স্বপ্নগুলো—
একটির পর একটি—
ভিড় বাড়ায়
পরজীবনের উইশলিস্টে।
সুনীল ঠিকই লিখেছিলেন—
“কেউ কথা রাখে না।”
কোনো ‘কেউ’-এর
না-রাখা কথাকে,
কোনো একদিনের
বৃথা আনন্দ-আয়োজনকে
ভেংচি কেটে
সময় বয়ে যায় নিজের মতো।
কালের স্রোত, নদীর স্রোত—
ওরা জানে
কীভাবে নিঃশব্দে
ভাসিয়ে নিতে হয়
হৃদপিণ্ডের রক্তস্রোত।
শুধু তীরে পড়ে থাকে—
এক মুঠো স্মৃতি,
একটি পুরনো ডায়েরি,
আর ডায়েরির ভাঁজে
একটা চ্যাপ্টা লাল গোলাপ।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০