আন্দোলনকারী শিক্ষার্থীদের শাস্তি নয়, ক্ষমার আহ্বান মোদির
দেশবার্তা বিডি ২৪. কম, আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি নমনীয় অবস্থানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভে তাঁকে গালিগালাজ করা শিক্ষার্থীদের শাস্তি দেওয়া বা বারবার আদালতে হাজিরা দিতে বাধ্য করলে পরিস্থিতির কোনো সমাধান হবে না।
গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, “এরা পথভ্রষ্ট সন্তান। তাদের সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। শাস্তি দেওয়া, আদালতে ছোটানো কিংবা সমাজে হেয় করা সমস্যার সমাধান নয়।”
গত জুলাইয়ে জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে ব্যাপক শিক্ষার্থী বিক্ষোভ শুরু হয়। প্রায় ২০ লাখ পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দিতে হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে শত শত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়।
সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) অভিযোগ করেছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলেও বিভিন্ন রাজ্যে এখনো শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট আন্দোলন মোদির তৃতীয় মেয়াদের অন্যতম বড় রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। তরুণদের কর্মসংস্থান ও শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এই আন্দোলনের মাধ্যমে আরও জোরালোভাবে সামনে এসেছে।
সূত্র: রয়টার্স
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০