আইনশৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি খুরসেদ আলম

👨💼 মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, নিবারণ ও প্রতিকারমূলক কার্যক্রমে দক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার ওসি খুরসেদ আলম।
২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ প্রতিরোধ, নিবারণ ও প্রতিকারমূলক কার্যক্রম পর্যালোচনায় আইনশৃঙ্খলা রক্ষায় অভিন্ন মানদণ্ডের আলোকে তাকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ওসি খুরসেদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব পালনে পেশাদারিত্ব, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা পেয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মান্দা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই খুরসেদ আলম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান, আইনগত ব্যবস্থা গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে পুলিশি সেবা নিশ্চিত করার উদ্যোগও অব্যাহত রয়েছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে খুরসেদ আলম বলেন, “এই সম্মাননা আমার একার অর্জন নয়। মান্দা থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টা এবং থানার এলাকার সম্মানিত নাগরিকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। যাদের জন্য কাজ করতে পেরে এই সম্মাননা পেয়েছি, মান্দা থানার সেই সব সম্মানিত নাগরিকের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, দায়িত্ব পালনে এ সম্মাননা তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। মান্দা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এদিকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে খুরসেদ আলমের স্বীকৃতি পাওয়ায় মান্দা থানার পুলিশ সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তার নেতৃত্বে মান্দা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০